প্রভাতী ইন্স্যুরেন্সের ১৭% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার অনুষ্ঠিত বিমাটির বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এই সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১০ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১.১১ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বুধবার এক বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৫ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭.৯১ টাকা।

আগামী ১৮ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/

ভারত থেকে আসছে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২০-২০২১ অর্থবছরেআন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৭৭ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের মেসার্স পি কে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেড দরপত্রে সর্বনিম্ন দরপত্র দেওয়ায় তাদের চাল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।

এ সময় অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৬টি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি, খাদ্য মন্ত্রণালয়ের ১টি এবং স্থানীয় সরকার বিভাগের ১টি প্রস্তাব ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৬টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১,৪৯৩ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ৭৭৩ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৯৫৮ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার ৯১৬ টাকা এবং প্রকল্প সাহায্য (এডিবি, এএফডি ও ইআইবি ঋণ) ৫৩৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৮৫৭ টাকা।

খাদ্য অধিদপ্তরের ২১ মার্চের দৈনিক খাদ্যশস্য পরিস্থিতি প্রতিবেদন অনুসারে, দেশে মজুদ চালের পরিমাণ ৪ দশমিক ৭৮ লাখ মেট্রিক টন। আর গম ০ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখাসহ নিরাপত্তা মজুত সুসংহত করতে ৫০ হাজার মেট্রিক টন চাল কেনা জরুরি।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২ দশমিক ৫০ লাখ মেট্রিক টন এবং জি টু জি ভিত্তিতে ৩ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল কেনার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া জি টু জি ভিত্তিতে আরো ৩ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের কার্যক্রম চলছে। ইতোমধ্যে ১ দশমিক ৯০ লাখ মেট্রিক টন চাল কেনা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বিটকয়েন দিয়ে কেনা যাবে টেসলার গাড়ি!

স্টকমার্কেটবিডি ডেস্ক :

টেসলার সিইও ইলন মাস্ক জানিয়েছেন, বিটকয়েন দিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে টেসলা গাড়ি কেনা সম্ভব। মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে গত মাসে টেসলার পক্ষ থেকে বলা হয়েছিল, প্রতিষ্ঠানটি দেড় বিলিয়ন মার্কিন ডলারের বিটকয়েন কিনছে। এ ছাড়াও আরো বলা হয়, শিগগিরই প্রতিষ্ঠানটি ক্রিপ্টোকারেন্সিকে অর্থপ্রদানের মাধ্যম হিসেবে গ্রহণ করতে শুরু করবে। আর মঙ্গলবারই ইলন মাস্ক ঘোষণা দিলেন বিটকয়েন দিয়ে কেনা যাবে টেসলা গাড়ি!

বুধবার এক টুইটে ইলন মাস্ক লিখেছেন, ‘আপনি এখন থেকে বিটকয়েন দিয়ে একটি টেসলা কিনতে পারবেন’। তবে সেটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য। এই বছরের শেষের দিকে সারা বিশ্বের আরো কয়েকটি দেশে বিটকয়েন দিয়ে কেনা যাবে টেসলার গাড়ি। এমনটি জানিয়েছেন মাস্ক। কিন্তু কোন কোন দেশে এমন সুবিধা চালু করা হবে সেই তথ্য তিনি জানাননি।
সূত্র : সিএনবিসি

স্টকমার্কেটবিডি.কম/

নৌ যোগাযোগ চালুর ব্যাপারে একমত বাংলাদেশ-ভুটান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ এবং ভুটানের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নৌ যোগাযোগ ব্যবস্থা চালুর ব্যাপারে একমত হয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিকে লাভজনক করে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে জাহাজগুলো যাতে সহজে নোঙর করতে পারে সে জন্য ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

বৈঠকে দুদেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থে বিশেষ করে বাণিজ্য ও যোগাযোগের বিষয় নিয়ে আলোচনা করেন। দুনেতা জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এক সাথে কাজ করতে সম্মত হন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের সহযোগিতায় দ্বিপক্ষীয় এবং ত্রিপাক্ষিক জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনে সমঝোতা স্মারক তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ভুটানের প্রধানমন্ত্রী ভুটানিজ শিক্ষার্থীদের জন্য পাঁচ বছর মেয়াদি ভিসা ব্যবস্থা চালু করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। জবাবে শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিশেষ করে ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ভূটানের প্রতি সহযোগিতা জোরদার করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিম বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টিসিল এবং চিফ অব প্রটোকল দাসো ইউগেন গঙ্গোপেল এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দুই প্রধানমন্ত্রী দীর্ঘ ৪৫ মিনিট একান্তে বৈঠক করেন।

স্টকমার্কেটবিডি.কম/

অতালিকাভুক্ত বন্ড-মিউচুয়াল ফান্ডের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড অতালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ, প্রাইভেট প্লেসমেন্ট বন্ড, সুকুক এবং ওপেনএন্ড মিউচুয়াল ফান্ড লেনদেনের জন্য অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড তৈরি করেছে। যার কারিগরি প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, এটিবিতে তালিকাভূক্তির জন্য কোম্পানীর সিকিউরিটিজ সমূহ অত্যাবশ্যকীয়ভাবে ডিমেট ফর্মে থাকতে হবে এবং আইএফআরএস, আইএএস এবং কোম্পানি আইন ১৯৯৪ এর বিধানসমূহ পরিপালনে সক্ষম কোম্পানীসমূহকে এই বোর্ডে তালিকাভুক্তির জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যুকৃত বন্ড এবং সুকুক এটিবিতে যোগ্য সিকিউরিটিজ হিসেবে বিবেচিত হবে।

এরই মধ্যে বিএসইসি ১৪টি বন্ডকে এই বোর্ডে তালিকাভূক্তির অনুমোদন দিয়েছে। এটিবি একটি স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা যেখানে সব ধরনের বিনিয়োগকারী অংশগ্রহণ করতে পারবে। লেনদেন নিষ্পত্তির প্রক্রিয়াটি ডিএসই’র বিদ্যামান লেনদেন ব্যবস্থার অনুরূপ হবে।

সূত্র জানায়, এটিবি’র পাশাপাশি এসএমই প্লাটফর্ম চালু করার সকল কারিগরী প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই প্লাটফর্মে নতুন কোম্পানি তালিকাভূক্তির জন্য ডিএসই ইস্যু ম্যানেজার ও কোম্পানিগুলোর সাথে কাজ করে যাচ্ছে। একইসাথে এই প্লাটফর্ম দুটির উন্নয়নের জন্য ডিএসই বিএসইসি’র তত্ত্বাবধানে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে।

এটিবি ও এসএমই প্লাটফর্ম চালুর মাধ্যমে শেয়ারবাজারে বৈচিত্র্য আনয়ন করবে এবং অর্থনীতিতে গতির সঞ্চার করবে।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাপেক্স ফুটের মৃত শেয়ারহোল্ডারের শেয়ার হস্তান্থর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের একজন মৃত শেয়ারহোল্ডারের শেয়ার হস্তান্তর করার ঘোষণা দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার নিলুফার মানজুর ৭ লাখ ২৪ হাজার ৯০০টি শেয়ার হস্তান্তর করবেন।

এর মধ্যে থেকে ১,৮১,২২৫টি শেয়ারের মালিকানা হস্তান্তর করা হবে তার স্বামী সৈয়দ মনজুর এলাহীকে । এছাড়া তার পুত্র সৈয়দ নাসিম মনজুরকে ৩,৬২,৪৫০টি ও আরেক কন্যা মিসেস মুনিজ মানজুরকে ১,৮১,২২৫টি শেয়ার দেওয়া হবে।

কোম্পানিটির এই শেয়ারহোল্ডার গত বছর ২৬ মে মৃত বরণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ৭২ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫২ লাখ ১৫ হাজার ৯৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭২ কোটি ৩৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের শেয়ার। কোম্পানিটি ২৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

জিবিবি পাওয়ারের ৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেনেক্স, গোল্ডেন হাভেস্ট এগ্রো, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, প্যারাামাউন্ট ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স এবং স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ইন্ট্রাকোর অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকায় অনুমোদিত মূলধন বাড়াবে।

কোম্পানির কোম্পানির শেয়ারহোল্ডাররা ১৩তম এজিএমে মূলধন বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৭৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ৪৫ হাজার ৪৮০টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৯৪ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড ৩০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকা বাংলা ফাইন্যান্সের ২৪ কোটি ১৯ লাখ, এনআরবিসি ব্যাংকের ১৩ কোটি ৬৭ লাখ, জেবিবি পাওয়ারের ১১ কোটি ৯১ লাখ, সামিট পাওয়ারের ১০কোটি ৯৭ লাখ, রহিমা ফুডের ১০ কোটি ৯২ লাখ, প্রিমিয়ার ব্যাংকের ১০ কোটি ৬৬ লাখ ও স্কয়ার ফার্মা লিমিটেডের লেনদেন হয়েছে ৯ কোটি ৪৪ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/