সাউথইস্ট ব্যাংকের ৬৭০ কোটি টাকার ঋণ আটকে দিল বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একটি সিকিউরিটিজ কোম্পানিকে শেয়ার কেনার জন্য সাউথইস্ট ব্যাংক ৬৭০ কোটি টাকা ঋণ দিতে চেয়েছিল। বেসরকারি এ ব্যাংকের ঋণ প্রস্তাবটি সর্বশেষ পর্ষদ সভায় পাস হয়েছিল। তবে প্রস্তাবটি পর্ষদ সভায় উপস্থাপন ও পাসের প্রক্রিয়া অস্বচ্ছ হওয়ায় বাংলাদেশ ব্যাংক সেটি আটকে দিয়েছে।

ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস বিভাগের (এফআইসিএসডি) পক্ষ থেকে রবিবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে এ-সংক্রান্ত চিঠি দেয়া হয়।

ওইদিনই বিভাগটির পক্ষ থেকে সাউথইস্ট ব্যাংকে বিশেষ পরিদর্শন চালানো হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দলের প্রধান ছিলেন এফআইসিএসডির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘ব্যাংক কোম্পানি আইন-১৯৯১-এর ৪৪ ধারায় অর্পিত ক্ষমতাবলে সাইথইস্ট ব্যাংকে বিশেষ পরিদর্শন চালানো হচ্ছে। চলমান এ পরিদর্শনের সুবিধার্থে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকের ৭২১তম পরিচালনা পর্ষদ সভার ৯ নং এজেন্ডায় অনুমোদিত সিকিউরিটিজ কোম্পানির ঋণটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোনো অর্থ ছাড় না করার জন্য অর্থাৎ সিকিউরিটিজ কোম্পানির মাধ্যমে কোনো স্টক ক্রয় না করার জন্য আপনাদের পরামর্শ দেয়া হলো।

স্টকমার্কেটবিডি.কম///

রোজায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার কার্যক্রম অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ববাজারের কারণে দেশে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে রোজা উপলক্ষে সরকার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য আলী আজমের এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই জনগণের কষ্ট লাঘবে সরকার সব সময় সচেষ্ট। এ লক্ষ্যে সরকার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতোমধ্যে আমরা ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে অনেকাংশে সংযত করতে পেরেছি। তবে, বিশ্ববাজারের কয়েকটি পণ্য যেমন জ্বালানি তেল, ভোজ্যতেল, গম, সারসহ বিভিন্ন খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের মূল্যবৃদ্ধি পাওয়ায় আমাদের দেশে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে।

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণসহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন শুল্কছাড় প্রদান করা হচ্ছে; অপরিশোধিত সয়াবিন, পরিশোধিত/অপরিশোধিত পাম তেল আমদানিতে আমদানি পর্যায়ে ১০% এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমুদয় ভ্যাট হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। পবিত্র রমজানে খেজুরের চাহিদা বিবেচনায় খেজুর আমদানিতে শুল্কায়নের ক্ষেত্রে যৌক্তিক মূল্যকে ভিত্তি ধরে শুল্কায়ন করা এবং আরোপণীয় আমদানি শুল্ক ২৫% হতে হ্রাস করে ১৫% নির্ধারণ করা হয়েছ।

প্রধানমন্ত্রী বলেন, অত্যাবশ্যকীয় পণ্য বিবেচনায় পরিশোধিত ও অপরিশোধিত চিনির আমদানি শুল্কহার পুনঃনির্ধারণ করা হয়েছে। চাল আমদানিতে আরোপণীয় সমুদয় আমদানি শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং রেগুলেটরি ডিউটি ২৫% এর পরিবর্তে ৫% নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতি (রেপো) সুদহার দফায় দফায় বাড়িয়ে মে, ২০২২ এর ৪.৭৫ শতাংশ হতে সর্বশেষ ৮.০০ শতাংশে উন্নীত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

দ্বিতীয় দফায় বাড়ল কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোম্পানি করদাতাদের রিটার্ন জমার মেয়াদ দ্বিতীয় দফায় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কোনো জরিমানা ছাড়া কম্পানি রিটার্ন জমা দেওয়া যাবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করনীতি বিভাগের দ্বিতীয় কর সচিব বাপন চন্দ্র দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এনবিআরের এই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এনবিআর ২০২৩ সালের আয়কর আইনে সংজ্ঞায়িত কম্পানি করদাতাদের ২০২৩-২০২৪ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩০ এপ্রিল নির্ধারণ করিল।

সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহবুবুল আলম কম্পানির রিটার্ন দাখিলে ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানোর জন্য এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে অনুরোধ করেন।

চিঠিতে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন আয়কর আইন সম্পর্কে ব্যবসায়ীদের মধ্যে পরিপূর্ণ ধারণা এখনো তৈরি হয়নি। এ ছাড়া বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, মূল্যস্ফীতি, ডলার-সংকট ও আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত। এজন্য নিরীক্ষা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্র প্রস্তুত করার কাজে বিলম্ব হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///

পরিচালকের পরিবারের সদস্য ব্যাংকের এমডি হতে পারবেন না

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের পরিবারের কোনো সদস্য সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হতে পারবেন না। এ ছাড়াও পরিচালকের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিও এমডি হওয়ার অযোগ্য। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ বা নিযুক্তি এবং তাঁর দায়-দায়িত্ব সম্পর্কিত নীতিমালায় এসব কথা বলা হয়েছে।

নীতিমালাটি গতকাল দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক-কোম্পানি পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি ব্যবসায়িক ও প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় অধিকতর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একজন উপযুক্ত, পেশাগতভাবে দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ হওয়া আবশ্যক। এ প্রেক্ষাপটে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জারির আবশ্যকতা দেখা দিয়েছে। তাই এই নীতিমালা জারি করা হলো।

এমডি কোনো ব্যাংক-কোম্পানি বা ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর অধীন প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান বা বীমা কোম্পানি অথবা উক্তরূপ কোম্পানিসমূহের নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারবেন না বা উক্ত প্রতিষ্ঠানসমূহের কোনো লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না। অন্য কোনো ব্যবসায়ে বা পেশায় নিয়োজিত থাকতে পারবেন না। সংশ্লিষ্ট ব্যাংকে তাঁর কোনো ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকতে পারবে না। ব্যাংকের কোনো পরিচালকের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে তাঁর পরিবারের কোনো সদস্য অন্তর্ভুক্ত থাকতে পারবে না।

প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংকিং পেশায় সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতাসহ ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যবহিত পূর্ববর্তী পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম বয়স হবে ৪৫ বছর এবং ৬৫ বছর অতিক্রান্ত হলে তিনি কোনো ব্যাংক-কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না।

স্টকমার্কেটবিডি.কম///

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ১০৫ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামীকাল ২৯ ফেব্রুয়ারি থেকে ১০৫ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০১৮ সালের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত, ৩য় দফায় গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, ৪র্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, ৫ম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ৭ম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ৮ম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ৯ম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ও ২০১৯ সালের ১০ম দফায় থেকে ৩০ দফায় এই লেনদেন বন্ধ রাখা হয়।

৩০ দফায় ২০২০ সালের ২৭ ডিসেম্বর হতে ২০২১ সালের ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি। একই বছরের ৫২ দফায় ২৪ নভেম্বর হতে ৮ ডিসেম্বর, ৫৩ দফায় ৯ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত লেনদেন বন্ধ রাখা হয়।

আর ৫৪ দফায় ২০২১ সালের ২৪ ডিসেম্বর হতে ২০২২ সালের ৭ জানুয়ারি থেকে ৭৮ দফায় ২১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ৭৯ দফায় ১০ জানুয়ারি হতে ২৪ জানুয়ারি, ৮০ দফায় ২৫ জানুয়ারি হতে ৭ ফেব্রুয়ারি এবং ৮১ দফায় ৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি, ৮২ দফায় ২৬ ফেব্রুয়ারি হতে ১২ মার্চ, ৮৩ দফায় ১৩ মার্চ হতে ২৭ মার্চ, ৮৪ দফায় ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল, ৮৫ দফায় ১২ এপ্রিল হতে ২৬ এপ্রিল, ৮৬ দফায় ২৭ এপ্রিল থেকে ১১ মে, ৮৭ দফায় ১৪ মে থেকে ২৭ মে, ৮৮ দফায় ২৮ মে থেকে ১২ জুন, ৮৯ দফায় ১৩ জুন থেকে ২৬ জুন , ৯০ দফায় ২ জুলাই থেকে ১৬ জুলাই, ৯১ দফায় ১৬ জুলাই থেকে ৩১ জুলাই, ৯২ দফায় ১ আগষ্ট থেকে ১৪ আগষ্ট, ৯৩ দফায় ১৬ আগষ্ট থেকে ৫ সেপ্টেম্বর, ৯৪ দফায় ৭ সেপ্টেম্বর হতে ২১ সেপ্টেম্বর, ৯৫ দফায় ২৪ সেপ্টেম্বর হতে ৮ অক্টোবর, ৯৬ দফায় ৯ অক্টোবর হতে ২৩ অক্টোবর, ৯৭ দফায় ২৫ অক্টোবর হতে ১১ নভেম্বর , ৯৮ দফায় ১২ নভেম্বর হতে ২৬ নভেম্বর, ৯৯ দফায় ২৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর, ১০০ দফায় ২৭ নভেম্বর হতে ২৭ ডিসেম্বর, ১০১ দফায় ২৮ ডিসেম্বর হতে ১৪ জানুয়ারি, ১০২ দফায় ১৫ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি, ১০৩ দফায় ২৮ জানুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারি, ১০৪ দফায় ১ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি এবং পরবর্তীতে ১০৫ দফায় আগামীকাল ২৯ ফেব্রুয়ারি থেকে আরো ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম////

ওয়ালটন ল্যাপটপের পৃষ্ঠপোষকতায় বুয়েটে ল্যাব উদ্বোধন ও ইলেকট্রিক বাইক উপহার

বুয়েটের ইসিই ভবনে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাবের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাব উদ্বোধন করলো মাল্টিন্যাশনাল বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। সেই সাথে প্রতিষ্ঠানটিকে গবেষণার জন্য ওয়ালটনের তৈরি তাকিওন ১.০০ মডেলের ইলেকট্রিক বাইক উপহার প্রদান করা হয়। গবেষণা ও উদ্ভাবনে একসঙ্গে কাজ করার প্রত্যয়ে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে ওই ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাব। ল্যাবটির পৃষ্ঠপোষকতা ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ওয়ালটন গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গত রোববার (২৫ ফেব্রুয়ারি, ২০২৪) বুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) ভবনে আনুষ্ঠানিকভাবে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাবের উদ্বোধন করেন বুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এএমডি মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ফ্যাকাল্টি অব পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. আবু রায়হান মো. আলী, ফ্যাকাল্টি অব সায়েন্সের ডিন প্রফেসর ড. জীবন পোদ্দার, ফ্যাকাল্টি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মো. এহসান, ফ্যাকাল্টি অব ইইই’র ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্কিটেকচার এন্ড প্লানিংয়ের ডিন প্রফেসর ড. ইশরাত ইসলাম এবং ফ্যাকাল্টি অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মো. শফিউল বারি, ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তৌহিদুর রহমান রাদ এবং ওয়ালটন ডিজিটেকের ডেপুটি হেড অব মার্কেটিং তানজিমুল হক তন্ময় প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেকের বিভিন্ন প্রোডাক্ট লাইন নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদান করেন সিবিও মো. তৌহিদুর রহমান রাদ।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, আমাদের শিক্ষার্থীরা উদ্ভাবনী মেধায় সমৃদ্ধ। কিন্তু গবেষণার পর্যাপ্ত সুযোগ না থাকায় তারা দেশের বাইরে চলে যাচ্ছে। এখন ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের মাধ্যমে তারা ওয়ালটনে গবেষণা ও উদ্ভাবন নিয়ে কাজ করতে পারছেন। সেজন্য ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার অবদানে দেশীয় শিল্প খাত সমৃদ্ধ হবে।

বুয়েটকে ওয়ালটনের তৈরি পরিবেশবান্ধব ই-বাইক ‘তাকিওন লিও’ উপহার দিয়েছেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

বাংলাদেশের পণ্য বিশ্বজয় করবে। ওয়ালটন বাংলাদেশের টেক জায়ান্ট। ওয়ালটন এখন অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বুয়েট সবসময়ই ওয়ালটনের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমাদের প্রকৌশলীরা ওয়ালটনের মতো দেশীয় প্রতিষ্ঠানে কাজ করতে পেরে গর্ববোধ করছে। এই রিসার্চ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে ওয়ালটন এবং বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবে। স্থানীয় শিল্প খাতের উন্নয়নে বুয়েট সহযোগী হিসেবে কাজ করছে। আমরা দেশীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকারকে সবময় পরামর্শ দিয়ে আসছি। দেশীয় শিল্পকে নীতিগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের আরও আন্তরিক হতে হবে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, আমাদের প্রকৌশলীরা মেধাবী। তাদের মেধা কাজে লাগাতে হবে। আমাদের যে সামর্থ্য আছে, সেটার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারলে আমাদের শিল্প খাত অনেক এগিয়ে যাবে। দেশ এগিয়ে যাবে। আমরা সমৃদ্ধশালী হবো। দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে জড়িত। কিন্তু তাদের কাজের স্বীকৃতি ও ব্র্যান্ডিং হচ্ছে না। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয় ঘটছে ওয়ালটনে। ফলে মেধাবীরা ওয়ালটনে সুযোগ পাবেন প্রযুক্তি নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করার।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ওয়ালটনকে অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। দেশের মেধাবী প্রকৌশলীরা যখন দেশেই গবেষণা ও উদ্ভাবনের পর্যাপ্ত সুযোগ পাবেন, তখন সেই লক্ষ্য অর্জন সহজ হবে। সেজন্য ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের মাধ্যমে এই ল্যাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইনোভেশন ও প্রযুক্তিগত শিল্পের উন্নয়নে ওয়ালটন এবং বুয়েট এক সঙ্গে কাজ করছে। বুয়েটের সঙ্গে আমাদের এই সুগভীর সম্পর্ক চলমান থাকবে। আমাদের প্রত্যাশা, এই রিসার্চ ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা এবং ওয়ালটন উভয় পক্ষই উপকৃত হবেন।
রিসার্চ ল্যাব উদ্বোধনের পাশাপাশি বুয়েটকে নিজস্ব কারখানায় তৈরি পরিবেশবান্ধব ই-বাইক- ‘তাকিওন ১.০০’ উপহার দিয়েছে ওয়ালটন। বুয়েটের ভাইস চ্যান্সেলরের হাতে আনুষ্ঠানিকভাবে ই-বাইকের চাবি হস্তান্তর করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে নতুন মডেলের এই ইলেকট্রিক বাইক বাজারে ছাড়ে ওয়ালটন। পরিবেশবান্ধব এই ই-বাইক সাশ্রয়ী মূল্যে বাজারে আসে ৩টি ভার্সনে। মাত্র ৬ থেকে ৮ ঘণ্টা চার্জে এই বাইকে ৭০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেয়া যায়। প্রতি কিলোমিটারে সর্বোচ্চ খরচ পড়ছে মাত্র ১৫ পয়সা।

উল্লেখ্য, বাংলাদেশে প্রকৌশল ও প্রযুক্তি গবেষণার কেন্দ্র হয়ে উঠেছে ওয়ালটন। ওয়ালটন কারখানায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে প্রতিনিয়ত গবেষণা ও উদ্ভাবন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম গতিশীল করছে শিল্প খাত এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ। এরই প্রেক্ষিতে সম্প্রতি প্রযুক্তিপণ্যের গবেষণা ও উদ্ভাবনে পারস্পরিক জ্ঞান বিনিময়ের উদ্দেশ্যে বুয়েটসহ দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ওয়ালটন। এসব চুক্তি ও রিসার্চ ল্যাব চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওয়ালটন কারখানায় গবেষণা ও কাজের সুযোগ পাচ্ছেন। যার মধ্যে রয়েছে গ্রাজুয়েট ও আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের থিসিস, কারখানায় ইন্টার্নশিপ ও ট্রেইনিং, পরামর্শক দলের কারখানা পরিদর্শন, কর্মী উন্নয়ন ইত্যাদি। তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে চলছে দেশ।

চুক্তির অংশ হিসেবেই বুয়েটে গড়ে তোলা হয়েছে এই ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাব। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই রিসার্চ ল্যাব চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশের উচ্চ শিক্ষা এবং প্রযুক্তিপণ্য উৎপাদন খাত আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি ‘ব্রেইন ড্রেইন’ এর মতো অভিশাপের মাধ্যমে দেশের মেধা পাচার বন্ধ হবে। দেশের শিল্পোন্নয়নে দেশের মেধা কাজে লাগবে। আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে তরুণ প্রজন্ম তৈরি হবে।

স্টকমার্কেটবিডি.কম/

কক্সবাজারে সাবমরেনি ক্যাবলের রক্ষণাবক্ষেণ কাজ চলবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-4) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ চলবে।

এ জন্য আগামী ২রা মার্চ, ২০২৪ সকাল ৭ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রায় ১২ ঘন্টা SEA-ME-WE-4 ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। তবে কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন SEA-ME-WE-5 ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।

বর্ণিত রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে বিএসসিপিএলসি’র ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। উল্লিখিত রক্ষণাবেক্ষণ কাজের সময়ে সম্মানীত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৮ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৯৮ কোটি ২০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৭টির আর অপরিবর্তিত আছে ৭৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সেন্ট্রাল ফার্মা, বেস্ট হোল্ডিংস, ফুয়াং সিরামিকস, মুন্নু ফেব্রিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফুয়াং ফুডস, লাভেলাে আইসক্রিম, ওরিয়ন ইউফিউশন, একটিভ ফাইন ও রবি আজিয়াটা।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৪৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ৮৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা ও বেস্ট হোল্ডিংস।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা; ২য় স্থানে বেস্ট হোল্ডিংস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বেস্ট হোল্ডিংস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৯ লাখ টাকা।

ফুয়াং সিরামিকসের ২৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মুন্নু ফেব্রিকসের ২৪ কোটি ৪৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ২১ লাখ, ফুয়াং ফুডসের ১৮ কোটি ৯৬ লাখ, লাভেলাে আইসক্রিমের ১৮ কোটি ৩৯ লাখ, ওরিয়ন ইউফিউশনের ১৭ কোটি ৭৮ লাখ, একটিভ ফাইনের ১৬ কোটি ৯৫ লাখ ও রবি আজিয়াটার ১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. সেন্ট্রাল ফার্মা
  2. বেস্ট হোল্ডিংস
  3. ফুয়াং সিরামিকস
  4. মুন্নু ফেব্রিকস
  5. আলিফ ইন্ডাস্ট্রিজ
  6. ফুয়াং ফুডস
  7. লাভেলাে আইসক্রিম
  8. ওরিয়ন ইউফিউশন
  9. একটিভ ফাইন
  10. রবি আজিয়াটা।