ইন্টারনেটে ফের ধীরগতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দীর্ঘ ১০ দিন পর গতকাল রবিবার থেকে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। তবে শুরু থেকেই মোবাইল ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন বলে অভিযোগ গ্রাহকদের। এর আগে চালু হওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। কিন্তু আজ সোমবার দুপুর থেকে ফের ধীরগতিতে চলছে ব্রডব্যান্ড সেবা।

গ্রাহকদের অভিযোগ, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে তাদের। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খুব দ্রুত ঠিক হয়ে যাবে ইন্টারনেট গতি। স্বাভাবিক সময়ে এই সার্ভারগুলো ঠিক হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা।

ইন্টারনেট সেবা চালু হলেও বন্ধ আছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম।

যদিও ভিপিএন চালু করে অনেক গ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ইন্টারনেট সার্ভিস চালুর পর ১০ দিন গুগলের ক্যাশ সার্ভিস, অর্থাৎ গুগল বা গুগল রিলেটেড জিমেইল, ইউটিউব এগুলো বন্ধ ছিল। এসব সার্ভার আপডেট হতে ব্যান্ডউইথ প্রয়োজন পড়ে। এতে প্রধান আন্তর্জাতিক ব্যান্ডউইথে চাপ পড়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকায় হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আজ বেড়েছে। ফলে গত সপ্তাহে দাম যতটা কমেছিল, আজ দাম বাড়ার কারণে তেল উৎপাদনকারীদের সেই ক্ষতি অনেকটা পুষিয়ে গেছে।

রয়টার্স জানিয়েছে, হামলার জেরে আজ সোমবার সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৮১ দশমিক ৩৩ ডলারে উঠেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দামও ৯ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ২৫ ডলারে উঠেছে।

গোলান উপত্যকায় শনিবার রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে, যদিও তারা এর দায় স্বীকার করেনি।

গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমেছিল। তখন মূলত গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা ও চীনে তেলের চাহিদা হ্রাসের কারণে দাম কমেছিল বলে সংবাদে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

ম্যাকসন স্পিনিংয়ের নাম পরিবর্তন অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেডের নাম পরিবর্তন করার সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় ডিএসইর পরিচালনা বোর্ড। আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে।

কোম্পানিটির নতুন নাম হয়েছে ম্যাকসন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির আগের নাম ছিল ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড।

যথাযথ আইন মেনে কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এ ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরও সম্মতি নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

পূবালী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৯ জুলাই) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ২.৪১ টাকা।

চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৩ টাকা।

এ প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৪.২৯ টাকা। গত ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৪২.৭৪টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩১ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, এদিন বেলা ৩ টায় রাজধানীর রামপুরায় অবস্থিত বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি  ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

একইদিন অনুষ্ঠিত আরেক বোর্ড সভায় বিমাটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস; ২য় স্থানে ওরিয়ন ইনফিউশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৩ লাখ টাকা।

এনআরবি ব্যাংকের ১৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মার ১৩ কোটি ৩৪ লাখ, জেমিনী সি ফুডসের ১৩ কোটি ৯ লাখ, ইউনিলিভার কনজিউমারের ১২ কোটি ৭ লাখ, ব্র্যাক ব্যাংকের ১২ কোটি ৫ লাখ, রূপালী লাইফের ১১ কোটি ৫৯ লাখ, সালভো কেমিক্যালসের ১০ কোটি ৩৮ লাখ ও লাভেলো আইসক্রিমের ১০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দিনশেষে লেনদেনের সাথে সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫০ কোটি ১৮ লাখ টাকা। গতকাল বরিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৮৮ কোটি ৩৮ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৩২টির আর অপরিবর্তিত আছে ৫৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – অগ্নি সিস্টেমস, ওরিয়ন ইনফিউশন, এনআরবি ব্যাংক,স্কয়ার ফার্মা, জেমিনী সি ফুডস, ইউনিলিভার কনজিউমার, ব্র্যাক ব্যাংক, রূপালী লাইফ, সালভো কেমিক্যালস ও লাভেলো আইসক্রিম।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৭৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৬৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৮১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রূপালী লাইফ ও লাফার্জ হোলসিম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. অগ্নি সিস্টেমস
  2. ওরিয়ন ইনফিউশন
  3. এনআরবি ব্যাংক
  4. স্কয়ার ফার্মা
  5. জেমিনী সি ফুডস
  6. ইউনিলিভার কনজিউমার
  7. ব্র্যাক ব্যাংক
  8. রূপালী লাইফ
  9. সালভো কেমিক্যালস
  10. লাভেলো আইসক্রিম।

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রবিবার থেকে ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য অফিস খোলা থাকবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

এর আগে সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত অফিস চলবে।

উল্লেখ্য, টানা তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটিতে থাকার পর বুধবার (২৪ জুলাই) থেকে খুলেছে সরকারি অফিস। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।

স্টকমার্কেটবিডি.কম///