বিএবির নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। তিনি নজরুল ইসলাম মজুমদারের স্থলাভিসিক্ত হলেন।

দীর্ঘ ১৭ বছর পর নতুন মুখ এলো সংগঠনটির সর্বোচ্চ পদে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিএবির বোর্ড সভায় তিনি নির্বাচিত হন। বিএবির সভায় সংগঠনটির ভাইস-চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রউফ চৌধুরী।

সংগঠনটির সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ২০০৮ সালের জানুয়ারি থেকে টানা ক্ষমতায় ছিলেন। সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি।

চেয়ারম্যানের পাশাপাশি বিএবির দুই ভাইস চেয়ারম্যানসহ কমিটির একাধিক সদস্য ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম////

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কার্যক্রম বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারো বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে বিদ্যুৎ বিভ্রাটের শংকায় পড়েছে উত্তরাঞ্চল।

জানা যায়, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে দীর্ঘদিন যাবৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল।

পাঁচ বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। চুক্তি অনুযায়ী এ সময় উৎপাদন সচল রাখতে ছোট মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ ওঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি ও কয়লার খরচ বেশি হওয়ার কারণে দীর্ঘদিন যাবত বন্ধ ছিলো দুটি ইউনিট। প্রতিটি ইউনিট সচল রাখতে প্রয়োজন দুটি করে ইলেক্ট্রো হাইড্রোলিক অয়েল পাম্প।

যা ওই ইউনিটের জ্বালানী হিসেবে তেল সরবরাহের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখে। কিন্তু ২০২২ সাল থেকেই তৃতীয় ইউনিটের দুটির মধ্যে একটি নষ্ট থাকায় যে কোনো সময় বন্ধের ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে একটি ইলেক্ট্রো হাইড্রোলিক অয়েল পাম্প দিয়ে চলে আসছিল এর কার্যক্রম। ফলে মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হত তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর মেরামতের মাধ্যমে ইউনিটটি চালু করা হলে দুদিনের মাথায় সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে আবারো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম।

স্টকমার্কেটবিডি.কম////

১ অক্টোবর থেকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ হচ্ছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেওয়া যাবে না। বিকল্প হিসেবে সব সুপারশপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে। এখানে তরুণ বা শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ১ অক্টোবর থেকে শপিং ব্যাগ পরিহারের বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে।পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় তার বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সকল সুপারশপের সঙ্গে সভা করে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ অধিদপ্তর ইএসডিও’র সঙ্গে মিলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প পরিবেশবান্ধব উপাদানে তৈরি পাট বা বস্ত্রের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে।

মেলায় সুপার শপের কর্তৃপক্ষ এবং উৎপাদনকারীরা নিজেদের চাহিদা এবং সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, অন্যান্য মন্ত্রণালয় এবং বিভিন্ন সুপার শপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম////

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমা টির নতুন নাম হবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

সূত্রটি জানায়, বিমাটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে ডিএসইর পরিচালনা বোর্ড।

আগামীকাল মঙ্গলবার থেকে বিমাটির এই নতুন নাম কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে লিন্ডে বিডি; ২য় স্থানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৬ লাখ টাকা।

মবিল যমুনার ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মার ২০ কোটি ৪০ লাখ, ব্র্যাক ব্যাংকের ১৭ কোটি ৮ লাখ, অগ্নি সিস্টেমসের ১৬ কোটি ১৮ লাখ, লাভেলোর আইসক্রিমর ১৬ কোটি ২৯ লাখ, এনআরবি ব্যাংকের ১৫ কোটি ৯৬ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ১৪ কোটি ও ইবনে সিনা ফার্মার ১২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. লিন্ডে বিডি
  2. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  3. মবিল যমুনা
  4. স্কয়ার ফার্মা
  5. ব্র্যাক ব্যাংক
  6. অগ্নি সিস্টেমস
  7. লাভেলোর আইসক্রিম
  8. এনআরবি ব্যাংক
  9. মিডল্যান্ড ব্যাংক
  10. ইবনে সিনা ফার্মা।

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দেখা গেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২১ কোটি ৩২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৭৮ কোটি ৮২ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০৭টির আর অপরিবর্তিত আছে ২৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লিন্ডে বিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মবিল যমুনা, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেমস, লাভেলোর আইসক্রিম, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও ইবনে সিনা ফার্মা।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ১৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৭০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৪১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭ কোটি ৪৩ লাথ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ হোলসিম ও লিন্ডে বিডি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এলসি মার্জিন তুলে দেওয়ায় ব্যবসায় গতি সঞ্চার করবে : ঢাকা চেম্বার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রদত্ত সার্কুলারের মাধ্যমে কয়েকটি বিলাসবহুল পণ্য ও বাংলাদেশে উৎপাদিত হয়, এমন কিছু পণ্য ছাড়া সব ধরনের আমদানিতে এলসি মার্জিন তুলে দেয়ার সিদ্ধন্তের ফলে পণ্য আমদানি পর্যায়ে যে স্থবিরতা সৃষ্টি হয়েছিল তা অনেকাংশে নিরসন হবে এবং শিল্পায়নে গতি সঞ্চার হবে বলে মনে করে, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এছাড়াও দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী (সিএমএসএমই) শিল্পখাত উন্নয়নের আর্থিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ হতে একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ এখাতের উদ্যোক্তাদের অর্থায়ন আরো সহজতর হবে বলে প্রত্যাশা করছে ডিসিসিআই । দেশের বিদ্যমান পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য কেন্দ্রীয় ব্যাংকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে আমদানিকারকরা সকল ধরণের মূলধনী যন্ত্রপাতি, ভোক্তা পণ্য, মূলধনী কাঁচামাল-ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে কোন ধরনের মার্জিন ছাড়া আমদানি করতে পারবে। এছাড়াও আমদানি বৃদ্ধি পেলে নতুন বিনিয়োগ, পুণঃবিনিয়োগ, মূলধনী যন্ত্রপাতির সহজলভ্যতাসহ সামগ্রিক উৎপাদন বৃদ্ধি পাবে ফলে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি পরিলক্ষিত হবে প্রত্যাশা করছে ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ। সেই সাথে শিল্প কলকারখানাগুলোতে কাঁচামালের সরবরাহ বৃদ্ধি পাবে, যার ফলে শিল্পকারখানাসমূহ পূর্ণ সক্ষমতা অনুযায়ী উৎপাদনে যেতে পারবে এবং বাজারে পণ্যের সরবরাহ বাড়বে সেই সাথে ইতিবাচক প্রভাব পড়তে পারে দেশের সার্বিক মূল্যস্ফীতির উপর।

অপরদিকে, দেশের আর্থিক খাতে চলমান তারল্য সংকট, বিশেষকরে সিএমএসএমইদের সহজ ঋণ প্রাপ্তিতে জটিলতাসহ নানা কারণে এমনিতেই বেসরকারিখাতে ঋণ প্রবাহ যখন হ্রাস পেয়েছে, ঠিক সেসময় ‘আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিল’-এর আওতায় এ ধরনের একটি উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন সুবিধা পেতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন ডিসিসিআই সভাপতি।

এছাড়াও, সিএমএসএমই খাতের পণ্য ও সেবার উৎপাদন, আয় ও কর্মসংস্থানের প্রবৃদ্ধির জন্য এই তহবিল কাজে আসবে বলে মনে করে, ঢাকা চেম্বার। ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে, ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা মেটাতেও এ তহবিল বেশ সহায়ক হবে। বিশেষত সিএমএসএমই’র জন্য এই তহবিলের আওতায় পুনঃঅর্থায়নের ক্ষেত্রে সুদহার কোনক্রমেই ৮% শতাংশের বেশি হবেনা এবং এক্ষেত্রে কোন ধরনের সুপারভিশন চার্জ, এমনকি আর্লি সেটেলমেন্ট ফি আরোপ করা যাবেনা, যা সিএমএসএমইদের জন্য স্বস্তির বিষয়।

ডিসিসিআই বিশ্বাস করে, সিএমএসএমই খাত দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। বিশেষকরে, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের বিকাশে ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতকে এ সুবিধা অব্যাহত রাখতে পারলে দেশের অর্থনীতিতে এর ইতিবাচক সুফল পরিলক্ষিত হবে।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বন্ধ করছে না: গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দলমত নির্বিশেষে কোনো কোম্পানি বা ব্যবসায়ী গোষ্ঠীর ব্যবসায়িক অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ বা বন্ধ করছে না। বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জ ও ভবিষ্যতের উপায় নিয়ে এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন গভর্নর।

আজ সোমবার দ্য ডেইলি স্টার ভবনে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

গভর্নর বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ড সহজতর করতে ও চাকরি রক্ষার জন্য প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা কোনো শিল্পে প্রভাব ফেলছি না। প্রতিটি শিল্পকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। এখানে কোনো হস্তক্ষেপ নেই, অর্থ আটকানো হচ্ছে না। অ্যাকাউন্ট জব্দ করে কারো উপকার হয় না।’

আলোচনায় এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘চট্টগ্রাম, আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা- এই পাঁচটি শিল্পাঞ্চলের শিল্পের নিরাপত্তা ও সুরক্ষা দিতে হবে।’গাজী টায়ার্স লিমিটেড ও অন্যান্য শিল্প কারখানায় অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো জাতীয় সম্পদ। তিনি বলেন, সরকার এসব পরিস্থিতি জরুরিভিত্তিতে মোকাবিলায় সাড়া দিচ্ছে না।

গাজী গ্রুপের টায়ার কারখানায় হামলার ঘটনায় উদ্বেগের জবাবে আহসান এইচ মনসুর বলেন, গাজীর টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক। আমাদের উচিত ছিল এগুলো রক্ষা করা।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, ‘শিল্প সচল রাখতে হবে। শিল্পের মধ্যে ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।’

স্টকমার্কেটবিডি.কম////

ইসলামিক ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ প্রেরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা বিমাটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি