ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদের দিন অর্থাৎ আগামী ৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন (শনিবার) দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন অর্থাৎ ৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হিডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

পাশাপাশি ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে বলেও ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম. খায়রুল আলমের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ঈদের আগে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঈদুল আজহার ছুটি শুরুর আগে শেষ কর্মদিবসে রাজধানীতে ব্যাংকগুলোর শাখা থেকে নগদ টাকা তোলা ও অন্যান্য ব্যাংকিং লেনদেনের চাপ বেড়েছে। ডিজিটাল ব্যাংকিং সেবা ও এটিএম বুথ ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও ঈদকে সামনে রেখে ব্যাংকের শাখাগুলোয় নগদ টাকা তুলতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত কর্মদিবসের তুলনায় আজ বুধবার লেনদেন বেড়েছে ২৫ শতাংশ।

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আগামী ১৪ জুন পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাককর্মীদের বেতন-বোনাস পরিশোধ ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সুবিধার্থে আগামী ৫, ১১ ও ১২ জুন শিল্প এলাকায় তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে।

নগদ টাকা তোলার জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় অপেক্ষা করছিলেন রাজিবুল ইসলাম। তিনি ডেইলি স্টারকে বলেন, ‘গরু কেনার জন্য অনেক টাকা লাগবে। তাই এটিএম বুথ ব্যবহার না করে শাখায় এসেছি টাকা তুলতে।’ আজ সকালে মতিঝিল ও পল্টনে ব্যাংকের শাখাগুলোয় ক্যাশ কাউন্টারে লম্বা লাইন দেখা যায়।

অনেকে নতুন নকশার নোট সংগ্রহের জন্য ব্যাংকেও যান। কিন্তু সরবরাহ সীমিত থাকায় সবাই নতুন টাকা সংগ্রহ করতে পারেননি। রূপালী ব্যাংকের করপোরেট শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অনেকে নতুন ডিজাইনের নোট সংগ্রহ করতে আসেন, কিন্তু সরবরাহ সীমিত থাকায় তা দিতে পারছি না।’

‘অনেকে ঈদে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কোরবানির পশু কেনার প্রস্তুতি নিচ্ছেন। তাই তারা নতুন নোট সংগ্রহ করছেন,’ যোগ করেন তিনি। ঈদকে সামনে রেখে গত ১ জুন থেকে বাংলাদেশ ব্যাংক ২০ টাকা, ৫০ টাকা ও এক হাজার টাকার নোট বাজারে ছাড়ে।

সাধারণত ঈদের সময় নতুন নোটের চাহিদা বেড়ে যায়। কারণ উপহার হিসেবে অনেকে নতুন নোট দেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ব্যাংকিং খাতে সামগ্রিকভাবে তারল্য বা নগদ অর্থের ঘাটতি নেই। তবে দুর্বল আর্থিক অবস্থা ও অন্যান্য কারণে কিছু ব্যাংক নগদ সংকটে ভুগছে।’

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হুসেইন খান ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ডিজিটাল লেনদেনে উৎসাহিত করছি। পশুর হাটে নগদ অর্থের ব্যবহার নিরুৎসাহিত করছি।’

নতুন নোটের বিষয়ে তিনি বলেন, ‘এবার ঈদের আগে শুধু ২০ টাকা, ৫০ ও এক হাজার টাকার নোট বাজারে এসেছে। ঈদের পর নতুন নকশার পাঁচ টাকা, ১০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকার নোট ছাপানো শুরু হবে বলে আশা করছি।’ সূত্র : ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম///

ঈদের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতি স্থবির হবে না : অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না।

বুধবার সচিবালয়ে দুপুরে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঈদে টানা ১০ দিনের ছুটি এ সময় দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা বা স্থবির হবে কিনা? এ প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, স্থবির হওয়ার কোনো সুযোগ নেই, ব্যবসায়ীরা তাদের মতো করে ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে কোন কোন দিন, কোন কোন স্থানে ব্যাংক খোলা থাকবে… গরুর হাটে কীভাবে থাকবে।

তিনি বলেন, এ রকম হলিডে পৃথিবীর অন্যান্য দেশে আরও বেশি থাকে। বড়দিনে ২০ থেকে ২৫ দিন ছুটি থাকে। নেপালে দুর্গাপূজার সময় ৩০ দিন ছুটি থাকে। তখন তাদের দেশ চলে না? সুতরাং দেশ চলবে। ইতোমধ্যে আমরা বাজেট দিয়ে দিয়েছি। বাজেটে মোটামুটি কর্মপন্থা কী হবে সেই অনুযায়ী কাজ হবে।

তিনি আরও বলেন, ঈদের পর বাজেটের ওপর কার কী মন্তব্য, সাজেশন থাকবে সেটি নেব। ১৯ জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে। ২২ তারিখ কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে।

প্রস্তাবিত বাজেটে দারিদ্র্যদের জন্য সুখবর আছে কিনা? এ প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সুখবর আছে, আপনারা বাজেটের কোথায় কোথায় পরিবর্তন হয়েছে সেটি একটু দেখেন।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক; ২য় স্থানে লাভেলো আইসক্রিম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৯ লাখ টাকা।

ফাইন ফুডসের ১০ কোটি ৫৮লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মার ৭ কোটি ৭৮ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ৬ কোটি ৬৮ লাখ, সী পার্লসের ৬ কোটি ৪০ লাখ, উত্তরা ব্যাংকের ৪ কোটি ৫ লাখ, বিচ হ্যাচারির ৩ কোট ৭৫ লাখ, মালেক স্পিনিং মিলসের ৩ কোটি ৭৫ লাখ ও বিএটিবিসির ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ব্র্যাক ব্যাংক
  2. লাভেলো আইসক্রিম
  3. ফাইন ফুডস
  4. স্কয়ার ফার্মা
  5. মিডল্যান্ড ব্যাংক
  6. সী পার্লস
  7. উত্তরা ব্যাংক
  8. বিচ হ্যাচারি
  9. মালেক স্পিনিং মিলস
  10. বিএটিবিসি।

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২২৪ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২২৯ কোটি ৬ লাখ টাকা

ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৭৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত আছে ৬৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, স্কয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, সী পার্লস, উত্তরা ব্যাংক, বিচ হ্যাচারি, মালেক স্পিনিং মিলস ও বিএটিবিসি।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৪৮.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ১৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৫৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ১২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে ৯ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ফনিক্স ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান ‘এএএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-১। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

স্ট্যান্ডার্ড সিরামিকসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝলে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বিডি ফাইন্যান্সের নাম পরিবর্তন অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেডের নাম পরিবর্তন করার সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় ডিএসইর পরিচালনা বোর্ড। আগামী ১৫ জুন থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে।

কোম্পানিটির নতুন নাম হয়েছে বিডি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির আগের নাম ছিল বিডি ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কমএসবি

ড্যাফোডিল কম্পিউটার্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআরএল)।

২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি