৬ মাসে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি., ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিকীর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ রোববার, ২৭ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত পর্ষদ সভায় এই প্রতিবেদন অনুমোদন করেছে।

২০২৫ সালে প্রথমার্ধ শেষে ব্যাংকের কনসোলিডেটেড ভিত্তিতে কর পরবর্তী নিট মুনাফায় ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৫ সালের প্রথমার্ধ শেষে ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৪১০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩১১ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৫৩ টাকা যা গত বছরের একই সময়ে ছিল ২.৬৮ টাকা।

২০২৫ এর প্রথমার্ধ শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৫.২৯ টাকা এবং ১৭.১০ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৯.৮৩ টাকা এবং ৮.৪৬ টাকা।

২০২৫ এ প্রথমার্ধ শেষে কনসোলিডেটেড ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫৯,৬০৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম এর পরিমান দাঁড়িয়েছে ৩৩,৪৭২ কোটি টাকা। প্রথমার্ধ শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭.৭২ শতাংশ।

প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভবনী ব্যাংকিং সল্যুশন, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

স্টকমার্কেটবিডি////

জুলাই মাসের ২৬ দিনে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি (১.৯৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

চলতি মাসের বাকি দিনগুলোতেও এ গতি অব্যাহত থাকলে, জুলাই মাস শেষে রেমিট্যান্স ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিট্যান্সে এ ধারাবাহিকতা এসেছে।

স্টকমার্কেটবিডি.কম////

একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২টি প্রকল্প উন্নয়ন অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচিত ‘জুলাই শহীদদের আবাসন প্রকল্প’ অনুমোদন হয়নি। তবে মোট আট হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (২৭ জুলাই) একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এর আগে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১২ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৭টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির দুটি প্রকল্প রয়েছে।

জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ যাওয়ার বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা মনে করি প্রকল্পটির যথার্থ মূল্যায়ন হওয়া উচিত। জুলাইযোদ্ধাদের সব প্রকল্প এক জায়গায় এনে সমন্বয় করা উচিত।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এটা এখন গ্রহণ করিনি, যথাযথভাবে খরচের মূল্যায়ন হওয়া উচিত। এসব পরিবারের জন্য ভাতার ব্যবস্থা আছে, পঙ্গুদের ভাতা সবগুলোকে একসঙ্গে করে সমন্বিত করা উচিত। ভালো পরিকল্পনা দরকার। তবে এটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেখভাল করবে, সঙ্গে অন্যান্য মন্ত্রণালয় যুক্ত হবে।

স্টকমার্কেটবিডি.কম////

যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রবিবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সচিবের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সেদেশের সরকার করে না বোয়িং কোম্পানি করে। আমরা ২৫টি বোয়িং কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে ১শ’টা। ভিয়েতনাম দিয়েছে ১শ’টা, ইন্দোনেশিয়া দিয়েছে ১শ’টা।

তিনি বলেন, বোয়িং কোম্পানির কেপাসিটি অনুযায়ী এগুলো সরবরাহ করবে। সুতরাং এগুলো সরবরাহ করতে তারা অনেক সময় নেবে।

স্টকমার্কেটবিডি.কম////

শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্কিন শুল্কের বিষয়ে তৃতীয় দফা আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যাচ্ছে চার সদস্যের প্রতিনিধি দল। আগামীকাল সোমবার তারা যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান।

রবিবার যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমাতে সরকারের সবশেষ উদ্যোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক হার কমানোর লক্ষ্যে আলোচনার জন্য সোমবার বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের পরিমাণ কমবে এবং ভারত ও ভিয়েতনামের ওপর আরোপিত শুল্কের চেয়েও বাংলাদেশের পণ্যে শুল্ক হার কম হবে।

মাহবুবুর রহমান জানান, শুল্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক পরিদফতরের প্রতিনিধি দলের সঙ্গে ২৯ ও ৩০ জুলাই বৈঠক অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম////

ট্রাষ্ট ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ট্রাষ্ট ব্যাংক পিএলসির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:৩০টায় রাজধানীর গুলশানে ব্যাংকটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ এসবি

লেনদেনের শীর্ষে বিএটিবিসি; ২য় স্থানে সিটি ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিএটিবিসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ১৯ লাখ টাকা।

বিএসসির ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ব্যাংকের ২০ কোটি ৮৬ লাখ, ব্র্যাক ব্যাংকের ১৯ কোটি ২৩ লাখ, লাভেলো আইমক্রিমের ১৮ কোটি ৬৯ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৫৬ লাখ, খান ব্রাদার্সের ১৭ কোট ৮৮ লাখ, ব্যাংক এশিয়ার ১৫ কোটি ১ লাখ ও আইএফআইসি ব্যাংকের ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. বিএটিবিসি
  2. সিটি ব্যাংক
  3. বিএসসি
  4. ঢাকা ব্যাংক
  5. ব্র্যাক ব্যাংক
  6. লাভেলো আইমক্রিম
  7. এক্সপ্রেস ইন্স্যুরেন্স
  8. খান ব্রাদার্স
  9. ব্যাংক এশিয়া
  10. আইএফআইসি ব্যাংক।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৩৫৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬৫ কোটি ৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯৫১ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩২টির আর অপরিবর্তিত আছে ৬০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিএটিবিসি, সিটি ব্যাংক, বিএসসি, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লাভেলো আইমক্রিম, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ব্যাংক এশিয়া ও আইএফআইসি ব্যাংক।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৪৯.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৬৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৯৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে ৫ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এসবি